নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় ঈদযাত্রায় যাত্রী ভোগান্তি রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার নবীনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা প্রদর্শন না করার দায়ে দুটি বাস কাউন্টারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। বিকেলে নবীনগর বাস টার্মিনাল এলাকায় নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে:
প্রথম কাউন্টার: ভাড়ার তালিকা প্রদর্শন না করে টিকিট বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সরকারি নির্ধারিত চার্ট অমান্য করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা আদায়ের পাশাপাশি ওই এলাকার অন্যান্য বাস কাউন্টারগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন:”ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি করছে। কেউ যেন বাড়তি ভাড়া আদায় করতে না পারে, সেজন্য আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুরো ঈদ যাত্রা জুড়ে আমাদের এই নজরদারি চলবে এবং যেকোনো অনিয়ম পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”উল্লেখ্য যে, ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়ার সাথে সাথে কিছু অসাধু পরিবহন মালিক ও কাউন্টার মাস্টাররা ভাড়ার নৈরাজ্য তৈরি করার চেষ্টা করেন। সাধারণ যাত্রীরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এবিডি.কম/সিয়াম