স্থানীয় সূত্রে জানা গেছে, হিলি চুরি পট্টি গ্রামের ওই দম্পতি দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। বুধবার নেশার টাকার জন্য তারা শিশুটির ওপর পাশবিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে শিশুটির পায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তার হাত কেটে গুরুতর জখম করা হয়। শিশুর আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘটনার ভয়াবহতা প্রকাশ পায়।
পরিস্থিতি বেগতিক দেখে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পুলিশি তৎপরতায় শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এলাকাবাসীর দাবি, ওই দম্পতি নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসতেন। তবে বুধবারের ঘটনাটি ছিল চরম নিষ্ঠুরতা। স্থানীয় এক বাসিন্দা জানান:”মাদকের নেশা মানুষকে কতটা অন্ধ করতে পারে, তা এই নিষ্পাপ শিশুটির দিকে তাকালে বোঝা যায়। আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”
হাকিমপুর থানা পুলিশ জানিয়েছে, শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করা এখন প্রথম অগ্রাধিকার। পুলিশি তত্ত্বাবধানে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের না হলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
এবিডি.কম/জাহাঙ্গীর