জান্নাত আক্তার রিয়া নিজস্ব প্রতিবেদক।। সাভারে মাদক বিক্রির প্রতিবাদ করায় ও ব্যবসা করতে অস্বীকৃতি জানানোয় লষ্কর ডিলার ও তার সহযোগীদের বিরুদ্ধে তিনজনকে কুপিয়ে জখম এবং স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ) দুপুরে সাভার পৌর এলাকার কাঞ্চনপুর মহল্লায় এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।
আহতরা হলেন-কাঞ্চনপুর এলাকার গৃহবধূ রুপালি (৩২), আরাফাত (২৮) ও শিশু হোসাইন (৬)। বর্তমানে তারা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,গত কয়েক মাস ধরে কাঞ্চনপুর এলাকার গৃহবধূ রুপালিকে জোরপূর্বক মাদক ব্যবসায় বাধ্য করে আসছিল লষ্কর ডিলার ও তার চক্র। সম্প্রতি রুপালি এই অনৈতিক কাজ করতে অস্বীকৃতি জানালে তার ওপর ক্ষিপ্ত হয় মাদক ব্যবসায়ীরা।
এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে লষ্কর ডিলার ও তার সঙ্গীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে রুপালির ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে আরাফাত ও শিশু হোসাইনকেও এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। অভিযোগ রয়েছে,হামলার সময় সন্ত্রাসীরা ভুক্তভোগীদের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি মোবাইল ফোন লুট করে নেয়। যাওয়ার সময় তারা হুমকি দেয়,চিকিৎসা শেষে বাড়ি ফিরলে গৃহবধূ রুপালি ও তার সহযোগীদের হত্যা করা হবে। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান,এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে লষ্কর ডিলারসহ সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিডি.কম/রাজু