পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে ভিয়েতনামি ‘ব্ল্যাক রাইস’ বা কালো ধান। ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে এই নতুন জাতের ধান চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন স্থানীয় কৃষক ও মোবাইল মেকানিক মোঃ মিস্টার হক। সাধারণ ধানের তুলনায় কয়েকগুণ বেশি লাভজনক হওয়ায় এই ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় অন্য কৃষকরাও। উপজেলার তিরনই হাট ইউনিয়নের বাবুয়ানি জোত গ্রামের বাসিন্দা মোঃ মিস্টার হক অনলাইনের মাধ্যমে মাত্র এক কেজি বীজ সংগ্রহ করে এই চাষ শুরু করেন।
বোরো মৌসুমে মাত্র ৫ শতাংশ জমিতে তিনি এই পরীক্ষামূলক আবাদ করেছেন। মিস্টার হক জানান, “ইউটিউবে এই ধানের ওষুধি গুণ ও লাভের কথা শুনে আমি আগ্রহ পাই। সাধারণ ধানের মতোই খুব সামান্য খরচে এটি চাষ করা সম্ভব।”৫ শতাংশ জমিতে এই ধান চাষ করতে তার মোট খরচ হয়েছে মাত্র ২ থেকে ৩ হাজার টাকা। অথচ বর্তমান বাজারমূল্য অনুযায়ী এখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয়ের আশা করছেন তিনি। তেঁতুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, ৫ শতাংশ জমি থেকে প্রায় ৩ থেকে ৪ মণ ধান উৎপাদন হতে পারে।
বর্তমানে বাজারে প্রতি মণ ব্ল্যাক রাইস ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা সাধারণ ধানের বাজারমূল্যের তুলনায় প্রায় চার থেকে পাঁচ গুণ বেশি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবরিনা আফরিন জানান, ব্ল্যাক রাইস একটি উচ্চমূল্যের ফসল। ৫ শতাংশ জমিতে যে ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাতে অল্প জমিতেই কৃষকরা বিশাল লাভ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মিস্টার হকের এই ব্যতিক্রমী ধান চাষের খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের কৃষকরা প্রতিদিন তার জমি দেখতে ভিড় করছেন। অনেকে আগামীতে এই ধান চাষের জন্য তার কাছ থেকে পরামর্শ ও বীজ চাইছেন।
কৃষক মিস্টার হক আশাবাদ ব্যক্ত করে বলেন, “পরীক্ষামূলকভাবে চাষ করে এখন পর্যন্ত ফলন দেখে আমি খুশি। যদি বাজারমূল্য ঠিকঠাক পাই, তবে আগামীতে আরও বড় পরিসরে এই কালো ধান চাষ করার পরিকল্পনা রয়েছে।”তেঁতুলিয়া উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানানো হয়েছে, মিস্টার হকের উৎপাদিত ধান থেকে উন্নতমানের বীজ সংগ্রহ করে তা স্থানীয় কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে করে এলাকায় ব্ল্যাক রাইস চাষের সম্প্রসারণ ঘটবে এবং কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। পুষ্টিগুণে সমৃদ্ধ এবং লাভজনক এই কালো ধান আগামী দিনে উত্তরের এই জনপদে কৃষিতে নতুন এক বিপ্লব ঘটাবে বলে ধারণা করা হচ্ছে।
এবিডি.কম/সিয়াম