নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, পুলিশ মনোগ্রামযুক্ত পিস্তল কভার, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ ভ্যান জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার পিপিএম। এসময় তিনি বলেন,দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটের সময় আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে একদল ডাকাত সমবেত হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। আশুলিয়া থানার এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস দল মুক্তা সিএনজি পাম্পের উত্তরে মহাসড়কের পাশে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়, তবে অন্ধকারে তাদের আরও ৭-৮ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো ১. মোঃ শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ (৪৪), পিতা- মৃত শুকচান শেখ (মানিকগঞ্জ)। ২. মোঃ আব্দুর রহিম (৪০), পিতা- মৃত সেকেন্দার ব্যাপারী (কুড়িগ্রাম)। ৩. মোঃ জুয়েল রানা (৪২), পিতা- মোঃ জনাব আলী (মানিকগঞ্জ)। ৪. মোঃ মিজান শেখ (৫০), পিতা- মৃত লেদু শেখ (মানিকগঞ্জ)। ৫. মোঃ জহুরুল ইসলাম (৪১), পিতা- মৃত মাছেম উদ্দিন প্রামানিক (নাটোর)। ৬. মোঃ আব্দুল মমিন (৪০), পিতা- সিদ্দিকুর রহমান সিদ্দিক (সিরাজগঞ্জ)। (গ্রেফতারকৃতরা সকলেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন)
তল্লাশিকালে ১নং আসামী শহিদুলের কাছ থেকে পুলিশি মনোগ্রামযুক্ত একটি চামড়ার পিস্তল কভার ও একটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মহাসড়কে গাড়ি থামাত। এছাড়া অন্য আসামীদের কাছ থেকে একটি ১০ ইঞ্চির সুইচ গিয়ার চাকু, একটি ১৩ ইঞ্চির চাইনিজ কুড়াল, আরও একটি রঙিন সুইচ গিয়ার চাকু এবং বৈদ্যুতিক তার পেঁচানো একটি বিশেষ লাঠি জব্দ করা হয়। আশুলিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত। তারা দীর্ঘদিন ধরে গভীর রাতে মহাসড়কে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিল। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় দণ্ডবিধির ১৭০/৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ৯০, তারিখ: ২১/০৪/২০২৬)। পলাতক বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু