নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) এক বিশেষ অভিযানে এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ মো. শরীফুল হক (৪৫) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ী মারমা মোড় এলাকায় র্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শরীফুল হককে হাতেনাতে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত শরীফুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়া এলাকার মো. আফান আলীর ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার টঙ্গাবাড়ী মারমা মোড় এলাকায় সুমন বেপারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে: শরীফুল একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আসছিলেন। লোকচক্ষুর আড়ালে এসব মাদক ঢাকা, সাভার ও আশুলিয়া এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।
র্যাব কর্মকর্তা স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামান জানান,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় তিনি বলেন,”তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু