কালুখালীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের মাকে জরিমানা
মোঃ নিজাম উদ্দিন ,কালুখালী উপজেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রশাসনের সময়োচিত পদক্ষেপে আরও একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। “বিয়ে নয়, শিক্ষা হোক মেয়ের অধিকার”—এই স্লোগানকে সামনে রেখে ১ মে, ২০২৬ তারিখে উপজেলার মাজবাড়ী ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামের ফজল শেখের ১৬ বছর বয়সী কন্যার বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মেজবাহ উদ্দিন-এর নির্দেশনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন।
অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শামস সাদাত মাহমুদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ অনুযায়ী কন্যার মাতাকে নগদ ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়।
জরিমানার পাশাপাশি কন্যার মাতার কাছ থেকে একটি লিখিত মুচলেকা গ্রহণ করা হয়। এতে তিনি অঙ্গীকার করেন যে, মেয়ের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই তাকে বিবাহ দেবেন না এবং মেয়ের শিক্ষার অধিকার নিশ্চিত করবেন।
কালুখালী উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, সমাজ থেকে বাল্যবিবাহের অভিশাপ দূর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একটি শিক্ষিত ও সচেতন সমাজ গড়তে বাল্যবিবাহ সংক্রান্ত যেকোনো সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
সমাজ বদলে দিতে আপনার সচেতনতাই যথেষ্ট। বাল্যবিবাহ প্রতিরোধ করুন, উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন।