গোদাগাড়ী পৌরসভায় উন্নয়ন প্রস্তুতিমূলক বৈঠক রাস্তা মেরামত ও ঈদগাহর জমি ক্রয়ের সিদ্ধান্ত ।
আজিজুর ইসলাম স্টাফ রিপোর্টার:
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রসারে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ মে, মঙ্গলবার এসার সালাত শেষে পৌরসভার পৃথক দুটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এই বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি এবং গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী ড. ওবায়দুল্লাহ।
সভার মূল আলোচ্য বিষয় ছিল ৮ নং ওয়ার্ডের পুলিশ পাড়ার রাস্তা মেরামতের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ এবং ৭ নং ওয়ার্ডে একটি নতুন ঈদগাহ নির্মাণের লক্ষ্যে দুই বিঘা জমি ক্রয় সংক্রান্ত পরিকল্পনা।
আলোচনা সভায় ড. ওবায়দুল্লাহ এলাকার সামগ্রিক উন্নয়ন, জনভোগান্তি নিরসন এবং ধর্মীয় অবকাঠামোর গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন,একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়তে আমাদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
জনগণের সুবিধার্থে রাস্তাঘাট মেরামত এবং ধর্মীয় ইবাদতের জন্য পর্যাপ্ত স্থানের সংস্থান করা আমাদের অগ্রাধিকারে রয়েছে।
উক্ত বৈঠকে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একটি সুন্দর ও উন্নত এলাকা গড়তে সকলের এই সম্মিলিত প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।