কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি
নাঈম বিশ্বাস (কুষ্টিয়া) |
কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পক্ষ থেকে ৮ জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের একটি প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায়।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতরে দুই জন পুরুষ, চার জন নারী ও দুই জন ট্রান্সজেন্ডারসহ মোট আট জন অজ্ঞাত ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছিল।
বিজিবির সতর্ক টহলদল বিষয়টি দ্রুত শনাক্ত করে কড়া বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে পড়ে ওই ব্যক্তিরা বাধ্য হয়ে নদীপথেই ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘন রোধে বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।