সমাজসেবায় চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ সম্মাননা পেলেন হাবীব আজম
রাঙ্গামাটি প্রতিনিধি
শিক্ষা, ক্রীড়া, মানবিক সহায়তা ও স্থানীয় উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও সমাজসেবক মো. হাবীব আজমকে বিশেষ সম্মাননা স্মারক দিয়েছে চ্যানেল আই। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (১ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি প্রেস ক্লাবের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মাদ আব্দুর রকিব, পিপিএম তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
হাবীব আজম দীর্ঘদিন ধরে পার্বত্য রাঙামাটির সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ তৈরি এবং তরুণদের মাদকমুক্ত রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণের কাজ করে আসছেন। এছাড়া পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষা, স্থানীয় পর্যটন খাতের বিকাশ এবং সামাজিক অবকাঠামো উন্নয়নেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলছেন।
সম্মাননা গ্রহণের পর তিনি ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের স্বীকৃতি সমাজসেবামূলক কাজে তরুণ ও সক্ষম ব্যক্তিদের আরও উৎসাহিত করবে।