কুষ্টিয়ায় সৎ নানার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ অভিযোগ
নাঈম বিশ্বাস, (কুষ্টিয়া)
কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণনাশের হুমকি দিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘ এক বছর ধরে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। নির্যাতনে ভুক্তভোগী শিশুটি বর্তমানে প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসকের পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।অভিযুক্ত ব্যক্তির নাম রইচ উদ্দিন (৫৫)। তিনি কয়া ইউনিয়নের রায়ডাঙা গ্রামের প্রয়াত নাদের উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক দশক আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুক্তভোগীর মায়ের মৃত্যু হয়। পরবর্তীতে তার বাবা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলে সৎ মা শিশুটিকে তার বাবার বাড়ি (সৎ নানার বাড়ি) পাঠিয়ে দেন। সেখানে অভিভাবকহীনতার সুযোগ নিয়ে অভিযুক্ত রইচ উদ্দিন ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে শিশুটির ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন।সম্প্রতি কিশোরীটি পেটে তীব্র ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক পরীক্ষায় বিষয়টি সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও পরবর্তীতে বিশদ পরীক্ষার পর জানা যায় সে অন্তঃসত্ত্বা।ঘটনাটি প্রকাশ পেলে মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত রইচ উদ্দিনকে আটক করে পুলিশে সংবাদ দেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই তিনি কৌশলে সেখান থেকে আত্মগোপন করেন।ভুক্তভোগীর স্বজনরা এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শিশুটির মামা জানান, পরিবারটি ন্যায়বিচারের আশায় আইনগত পদক্ষেপ গ্রহণ করছে।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ভুক্তভোগী কিশোরী ও তার নানীকে সুরক্ষার স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং শিশুটির প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।