আমাদেরবাংলাদেশ ডেস্ক: নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। রোববার বিকেলে বাবুরাইলের মুন্সিবাড়ি এলাকার এইচএম ম্যানসন নামে ভবনটি পার্শ্ববর্তী খালে ধসে পড়ে। এতে সোয়েব (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
এই ঘটনায় সাতজনকে আহত অবস্থায় ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এখনও দুইজন ভবনের ভেতরে আটকা পড়ে আছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কাজ করছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি। তবে ওয়াজিদ (১২) নামে এক শিশু ভবনের ভেতরে আটকে আছে বলে জানা গেছে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, স্থানীয় কাউন্সিলর বিভা হাসান ঘটনাস্থলে উপস্থিত হন।
স্থানীয়রা জানান, বিকেলে শিউলি ও শাহজাহান নামে ভাই বোনের নির্মাণাধীন ভবনটি পাশের খালে ধসে পড়ে।
সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক দেশ রূপান্তরকে জানান, এক শিশু নিহত হয়েছে এবং ৪ জন শিশু আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, আরও এক শিশু নিখোঁজ রয়েছে বলে একটি পরিবার দাবি করছে। আমরা সর্বাত্মকভাবে উদ্ধারের চেষ্টা করছি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন দেশ রূপান্তরকে জানান, বিকেল ৪টার দিকে হঠাৎ করে চার তলা নির্মাণাধীন একটি ভবন ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করেছে।