কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জাহাঙ্গীর গ্রেপ্তার
নাজমুল ইসলাম নাহিদ, জেলা প্রতিনিধি,
কিশোরগঞ্জে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকার মৃত বকুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কিশোরগঞ্জ থানা পুলিশের একটি দল নীলগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।