রোহিঙ্গা ক্যাম্পে ‘বাপ-বেটার’ অবৈধ সিন্ডিকেট, মাসে ২ থেকে ৩ হাজার টাকা করে আদায়ের অভিযোগ
নিজস্ব প্রতিবেদন
কক্সবাজারের উখিয়ার বালুখালীর ১১নং রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে অবৈধভাবে গড়ে উঠা ব্যান গাড়ি থেকে প্রতি মাসে মাসিক ২ থেকে ৩ হাজারকরে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে একটি কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয় ও রোহিঙ্গাদের অভিযোগ, আকবর আহমদ ও তার ছেলে জামায়াত নেতা জাহাঙ্গীর আমলের নেতৃত্বে এই সিন্ডিকেটটি নিয়ন্ত্রিত হচ্ছে বলে দাবী করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ক্যাম্পে প্রায় একশত ব্যান গাড়ি অবৈধভাবে চলাচল করছে। এসব গাড়ির চালকদের কাছ থেকে প্রতি মাসে ২ থেকে ৩ হাজার করে টাকা আদায় করা হয় বলে দাবি করেছেন কয়েকজন রোহিঙ্গা। তাদের অভিযোগ, পুলিশকে দেওয়ার কথা বলে তারা প্রতিমাসে এইভাবেই টাকা হাতিয়ে নিচ্ছে। একাধিক রোহিঙ্গা জানান, মাসিক ২ থেকে ৩ হাজার টাকা চাঁদা না দিকে রোহিঙ্গা ক্যাম্পে গাড়ি চালানো সম্ভব না। এইভাবেই চাঁদা দেওয়ার বিনিময়ে ক্যাম্পের ভেতরে গাড়ি চালানোর সুযোগ পাচ্ছেন রোহিঙ্গারা।
অভিযোগের বিষয়ে ক্যাম্প-১১-এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নাহিদুল ইসলাম বলেন, “আর্থিক লেনদেনের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে কোনো গাড়ির লাইন ব্যবহার করতে দেয়না পুলিশ। কোনো পুলিশ সদস্য এ ধরনের অপকর্মে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে ক্যাম্পে অবৈধভাবে গাড়ি চলাচল এবং কথিত সিন্ডিকেটের বিষয়ে জানতে চাইলে তিনি বিস্তারিত মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।