ডিমলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষ: অর্জিত জ্ঞান দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান ইউএনও’র
নীলফামারী প্রতিনিধিঃ
দক্ষ ও সুশৃঙ্খল মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ১০ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “ভিডিপি প্রশিক্ষণ কেবল নিজেদের দক্ষতা বাড়ায় না, বরং দেশ ও সমাজের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর শক্তি জোগায়। অর্জিত জ্ঞান ও শৃঙ্খলাবোধকে কাজে লাগিয়ে সততা ও নিষ্ঠার সাথে সামাজিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে হবে।” আলোচনা সভা শেষে তিনি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও মেধা পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন। উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা মোছা. নুরতাজ খাতুন, ইউনিয়ন দলনেতা মো. আবু কালাম আজাদ সরকারসহ বিভিন্ন ইউনিয়নের দলনেত্রী ও আনসার কমান্ডারবৃন্দ। প্রশিক্ষণার্থীরা সনদ পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।