ব্রাহ্মণপাড়ায় ৪০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ
কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের অনন্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের বাসিন্দা এবং নূরে আলম ভূঁইয়া (৪০) ৭ নম্বর সাহেবাবাদ ইউনিয়নের বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য্য, এএসআই মো. নুর-আল-আহসান ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে মো. ওয়াহিদনবীর একটি ফিশারির দক্ষিণ-পশ্চিম পাড়ে অবস্থিত টিনশেড ঘর থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ মোজাম্মেল হক ভূঁইয়া ও নূরে আলম ভূঁইয়া নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মোজাম্মেল হক ভূঁইয়ার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের করা মাদক ও অন্যান্য অপরাধসংক্রান্ত মামলার তথ্য রয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।