চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানবাহন ভাঙচুরের অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, কুমিল্লা জেলা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬২ সদস্যসহ মোট ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় নিষিদ্ধ সংগঠনের সদস্যরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ঘটনার পর চৌদ্দগ্রাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে একাধিক দল রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ অভিযানে নাশকতা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, কুমিল্লা জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালানো হয়। এতে নিষিদ্ধ সংগঠনের ৬২ সদস্যসহ মোট ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই ও সংশ্লিষ্টতা বিবেচনায় ১৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর ৫৮ জনকে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতাসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে পুলিশ।