বাগেরহাট সংবাদদাতা।। বাগেরহাটে নদীকেন্দ্রীক সাংস্কৃতিক অনুষ্ঠান “নদীমাতৃক বাংলাদেশ, ১৩শত নদী শুধায় আমাকে” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দড়াটানা নদীর পাশে অবস্থিত শহরের রুপা চৌধুরী পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমান, অধ্যাপক মোজাফফর হোসেন, বুলবুল কবির, কমল ঘোষ, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নদীকে হত্যা করে আমরা সভ্যতা ও সংস্কৃতির সচল ধারাকে অবলুপ্ত করতে চাই না।সভ্যতা প্রবহমান, সংস্কৃতি চলমান ধারায় পরিবর্তনের অগ্রদূত। নদী সভ্যতা ও সংস্কৃতির প্রধানতম ধারক-বাহক। নদীকেন্দ্রিক জীবনপ্রবাহের এ ধারাকে সজীব ও জীবননির্ভর করতে হবে। জীবনের বাঁক ও বোধগুলোকে নদীর নিরবচ্ছিন্ন প্রবাহের সঙ্গে মিলিয়ে জীবনকে প্রকৃতি ও জীবনসম্পৃক্ত রাখতে হবে।
অনুষ্ঠানে বাগেরহাটে সঙ্গীত শিল্পি বেলাল বাদশা, ইউসুফ বাউল, খুলনা বেতারের নিখিল মজুমদার, জারি গানের শিল্পি নাসিমা আক্তার সাথিসহ স্থানীয় সংস্কৃতি কর্মীরা নদী সম্পর্কিত গান ও নৃত্য পরিবেশন করেন।
এছাড়া বিভিন্ন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দলীয় নৃত্য ও দেশত্ববোধক গান পরিবেশনা করা হয়।
বাগেরহাট/রিফাত/টিটু