আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোর চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ার রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার ভোর চারটার দিকে একটি পিকআপে করে কয়েকজন চোর যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে আসে। পরে তারা খোরশেদ আলীর গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালাতে শুরু করে। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। সেইসঙ্গে গ্রামের মসজিদের মাইক থেকে গরু চুরির বিষয়টি জানানো হয়। এতে এলাকাবাসী সমবেত হয়ে চোরদের ধাওয়া করে। প্রায় দেড় কিলোমিটার পথ ধাওয়া করার পর প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ার রেলক্রসিংয়ের সামনে থেকে তাদের ধরে ফেলে স্থানীয়রা। পরে চোরদের গণপিটুনি দেয়া হয়।এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। অপরজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন মারা গেছেন। তিনটি গরু উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম ও পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।