আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে কাল থেকে। এরইমধ্যে তুরাগ পাড়ে জড়ো হতে শুরু করেছেন তাবলীগ জামাতের অনুসারীরা।
কাল আম বয়ানের পর থেকে ইজতেমা মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। রোববার আখেরি মোনাজাত। এই পর্বে সাদ ভক্তরা ইজতেমায় অংশ নিচ্ছেন। এর আগে, প্রচণ্ড শীত উপেক্ষা করে প্রথম পর্ব শেষ করে জুবায়েরপন্থীরা।
বাংলাদেশে তাবলিগ জামাতের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা যুবায়ের আহমদের অনুসারীদের অংশগ্রহণে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে গত রবিবার এই আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মানুষ। মাওলানা যুবায়ের নিজেই মোনাজাত পরিচালনা করেন। গত বছরও প্রথম পর্বে মোনাজাত পরিচালনা করেন তিনি।
দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের অংশগ্রহণে ১৭-১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমার মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাতের এই বার্ষিক বিশ্ব সম্মিলন।
বিশ্ব তাবলিগ জামাতের আমির ভারতের মাওলানা জোবায়েরুল হাসানের মৃত্যুর পর থেকে ইজতেমার মোনাজাত পরিচালনা করছিলেন দেশটির আরেক শীর্ষস্থানীয় আলেম মাওলানা সাদ কান্ধলভি। কিন্তু তাকে নিয়ে সৃষ্টি হওয়া বিতর্ককে ঘিরে গত বছর থেকে আলাদভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
আলমি শুরার সাথীদের ইজতেমার জিম্মাদার প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, গত ১০-১২ জানুয়ারি আলমি শুরার সাথীদের বিশ্ব ইজতেমা সম্পন্ন হয়েছে। ২০২১ সালের জন্য শুধু আলমি শুরার সাথীরাই দুই পর্বে আয়োজন করবে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব হবে ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি।