আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ইভিএম নিয়ে বিষোদগার করছে বিএনপি। শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করেছে বিএনপি এছাড়া তাদের তালবাহানারও শেষ নেই। কিভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায় তারা একটি পদ খুঁজছে। নির্বাচনে হারলেই ইভিএম খারাপ এবং জিতলে ইভিএম ভালো- বিএনপির এই ধরনের অবস্থান সঠিক নয়।
তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনকালে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারগণ আলাপ-আলোচনা করেছেন। তখন ইভিএম নিয়ে আলোচনা হয়েছে। তখন কিন্তু বিএনপি এ বিষয়ে কোনো প্রতিবাদ করেনি।
তিনি বলেন, আমরা স্বচ্ছ ইমেজের দুজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছি। জনগণ স্বচ্ছ ইমেজের প্রার্থীকে পছন্দ করে। আগামী নির্বাচনে দুই সিটিতে মেয়র হিসেবে আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন বলে আমি আশা করি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, মির্জা আজম, শাখয়াত হোসেন শফিক, দফতর সম্পাদক বিল্পব বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর প্রমুখ।
আ/রিফাত