আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মানবতা ও মানবস্বাস্থ্যের কথা চিন্তায় রেখে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পুনঃবিন্যাসে রাজনীতি করার কিছু নেই। তিনি বলেন, করোনা নিয়ে আতংক না ছড়িয়ে সতর্কতা থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
করোনা ভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যে মজুদদারির পাঁয়তারা শুরু করেছেন, তার বিরুদ্ধে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় বঙ্গবন্ধুর জন্মদিনে জনসমাগম এড়িয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নেয়া বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেন তিনি।