মোঃ আরিফ মন্ডল সাভার থেকে ঃ অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও অপহরকারীদের গ্রেফতার করতে রিকশাচালক সেজে অভিযানে যান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রী রামকৃষ্ণ দাস। এসময় সঙ্গে ছিলেন আরও দুই পুলিশ সদস্য। কিন্তু দ্রুতগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন রামকৃষ্ণ দাস।
পরে তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী আশুলিয়া থানার পুলিশ সদস্য লাল মিয়া আমাদেরবাংলাদেশ.কমকে জানান, এসআই রামকৃষ্ণ দাস রিকশা চালিয়ে যাচ্ছিলেন।
এসময় পিছন থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি নিয়ন্ত্রন হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যাওয়ায় গুরুতর আহত হন ও তার পা ভেঙ্গে যায়। আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)আসাদ জানান, অভিযানে সঙ্গী হিসেবে আমি এবং অপর এক পুলিশ সদস্য পিছনের রিকশায় ছিলাম।
রামকৃষ্ণ স্যার ছিলেন সামনে।সেই রিকশায় অপহৃত ব্যক্তির স্ত্রীও ছিলেন। এসময় বাসের ধাক্কায় স্যার ও যাত্রী হিসেবে থাকা নারীও আহত হন। এএসআই আসাদ আরও জানান, এ্যাপোলো হাসপাতালে এসআই রামকৃষ্ণ দাসের পায়ে অপারেশন করা হচ্ছে। এবং তার বাম পায়ে একাধিক জায়গায় হাড় ভেঙ্গে গেছে বলে কর্মরত চিকিৎসক প্রাথমিক ভাবে জানিয়েছেন।