শিরিন আলম বিশেষ প্রতিনিধি : সাভারে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কলার আড়দে চাঁদাবাজি কালে দুই ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় কলার আড়ৎ থেকে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাদাঁবাজি করার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বরিশালের মেহেন্দীগঞ্জ থানার কাজিরচট গ্রামের আব্দুর রশিদ বয়াতীর ছেলে মাহিদুল (৩০) এবং অপরজন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হুগলাকান্দি গ্রামের সিরাজ প্রধানের ছেলে জসিম প্রধান (৩২) আটককৃতরা ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে একটি কলার আড়ৎ থেকে ৩ হাজার টাকা চাঁদা নেয়।
পরে অপর একটি দোকানে ১০ হাজার টাকা চাঁদা দাবি করলে ব্যবসায়ীদের সন্দেহ হয়। এসময় তারা পুলিশকে অবহিত করেন। এদিকে একই সময় সাভারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্লাহ আল মাহফুজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হেমায়েতপুর এলাকায় যান। পরে আসল ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানান স্থানীয় ব্যবসায়ীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা খুঁজে পান। এব্যাপারে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, আটককৃতরা র্দীঘদিন ধরে নিজেদের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো।
তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ক্যামেরা, ৩টি মোবাইল, বিভিন্ন স্থানে অভিযানের ব্যবহৃত ডায়েরী, ২টি মানবাধিকারের আইডি কার্ড ও একটি মানিব্যাগে ৩ হাজার টাকা পাওয়া যায়।পরে আটককৃতদের ভুয়া পরিচয় ও প্রতারণা করার অপরাধে সাভার মডেল থানায় হস্তান্তর করা হলে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরেণ করেন ।