আমাদেরবাংলাদেশ ডেক্স : নগরীর বেশকিছু এলাকায় বাসা-বাড়িতে খুলনা ওয়াসার সংযোগ লাইনে দুর্গন্ধ যুক্ত ময়লা-ঘোলা পানি আসছে এমন অভিযোগ উঠেছে। ফলে ওই পানি ব্যবহারে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এই পানি পান তো দূরের কথা, বাসাবাড়ির কাজেও ব্যবহারে অনুপযোগী। এ নিয়ে ওয়াসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সুফল মেলেনি। ফলে ক্ষুব্ধ গ্রাহকরা।
খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে ওয়াসার পানিতে পাওয়া যাচ্ছে ময়লা ও দুর্গন্ধ। অনেক এলাকায় পাইপ লাইনে ওয়াসার সরবরাহ করা পানি ঘোলা ও ময়লাযুক্ত। বাস্তহারা, পূর্ব বানিয়া খামার, বাইতিপাড়া ও মিয়াপাড়াসহ কয়েকটি এলাকায় পানিতে মিলছে দুর্গন্ধ। বিশেষ করে ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ সমস্যা হচ্ছে বেশি। পান তো দূরের কথা, অন্যান্য কাজেও ব্যবহার উপযোগী নয় এই পানি। প্রায় দুই যুগ আগে বসানো পাইপ ছিদ্র হয়ে তার মধ্যে ড্রেনের নোংরা পানি ঢুকছে বলে অভিযোগ গ্রাহকদের।
গ্রাহকদের অভিযোগ, বহুবার ওয়াসার কাছে অভিযোগ দিয়েও মেলেনি সুফল। তাই ময়লা পানি ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা। জানা গেছে, ২৯৩ কিলোমিটার পাইপ লাইনে প্রতিদিন ৬ কোটি লিটার পানি সরবরাহ করছে খুলনা ওয়াসা। ৮৭টি পাম্পের মাধ্যমে এই পানি যায় ২১ হাজার গ্রাহকের বাড়িতে। নগরীতে বসবাস করে প্রায় ১৬ লাখ মানুষ। এ বিপুল জনগোষ্ঠীর বেশিরভাগ ওয়াসার সাপ্লাই পানির ওপর নির্ভর করতে হয়। কিন্তু কয়েকদিন যাবত নগরীর বেশকিছু এলাকায় বাসা-বাড়িতে খুলনা ওয়াসার সরবরাহকৃত
পানির সাথে ময়লা আসছে এবং সেই পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে নগরীর ৯, ২৩, ২৪, ১৭ নং ওয়ার্ডে সরবরাহকৃত পানিতে এ সমস্যা বেশি দেখা দিয়েছে। ওই সব ওয়ার্ডের বাসিন্দারা জানান, তাদের বাড়িতে ওয়াসার ঘোলা, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি আসছে। পানি ব্যবহার করা যাচ্ছে না। কিন্তু ওয়াসার প্রকৌশলীদের সাথে কথা বলেও সমাধান হচ্ছে না। ফলে দৈনন্দিন কাজ সারতে ভোগান্তি হচ্ছে। এ ব্যাপারে খুলনা ওয়াসার কর্মকর্তারা জানান, কিছু জায়গায় বাসা-বাড়িতে পুরানো সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।
সেখানে নতুন সংযোগ চালু করা হয়েছে। বেশির ভাগ ওয়ার্ডে পাইপ ওয়াশ করা হচ্ছে। এছাড়া নতুন সংযোগের পাইপ অনেকদিন যাবৎ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। ফলে কিছু জায়গায় পানিতে ময়লা আসতে পারে। কিন্তু এ ধরনের অভিযোগ আসলে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে। আর নতুন সংযোগে সব জায়গায় পানি সরবরাহ করা গেলে আর এ সমস্যা থাকবে না।