ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ৪ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার সকালে সাড়ে ৬ টার দিকে উপজেলার পদ্মপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের স্বরজিৎ মন্ডলের ছেলে রকি মন্ডল (১৮), ফরিদপুরের ভাংগা উপজেলার আজিমনগর গ্রামের কালাম শেখের ছেলে বোরহান শেখ (২৮), একই গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩০) ও মাদারীপুরে রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের জাকির হাওলাদারের ছেলে সাধন হাওলাদার (১৮)।
বিজিবির ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, কয়েকজন ব্যক্তির ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের খবর পেয়ে ভোরে অভিযান চালায় লড়াইঘাট বিওপির একটি টহল দল। এসময় পদ্মপুকুর গ্রাম থেকে ওই ৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করে আসামীদের সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহে দুরপাল্লার বাস চলাচল শুরু উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি
ঝিনাইদহ প্রতিনিধি।। দীর্ঘ ৪৯ দিন পর সারাদেশের ন্যায় ঝিনাইদহেও শুরু হয়েছে দুরপাল্লা ও আন্ত:জেলার বিভিন্ন রুটে বাস চলাচল।
সোমবার সকাল থেকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বাস চলাচল শুরু হয়েছে।
এছাড়াও চলাচল করছে আন্তঃজেলা বাস। সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, অর্ধেক যাত্রী নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস ছেড়ে যাচ্ছে। তবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। বাস কাউন্টার বা বাসে ওঠার সময় করা হচ্ছে না স্যানিটাইজেশন। অনেক বাসে একই সীটে ২ জন যাত্রী চলাচল করছে। ব্যবহার করা হচ্ছে না মাস্ক।
বাস যাত্রা শুরু করার আগে জীবাণুনাশক দিয়ে গাড়ী জীবাণুমুক্ত করা, বাসের চালক, শ্রমিক কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামুলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার নির্দেশ থাকলেও তা উপেক্ষিত হচ্ছে। ছেড়ে যাওয়ার সময় কোন বাস জীবাণুমুক্ত করা হচ্ছে না। যাত্রীদের অধিকাংশের মুখেই ছিল না মাস্ক।এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, পরিবহণ চলাচলে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
আমাদেরবাংলাদেশ.কম.শিরিন আলম