স্টাফ রিপোর্টার সাভার।। আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির সময় পুলিশ বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হওয়ার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
শুক্রবার (৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-রিদর্শক (এসআই) হারুন-ওর-রশিদ জানান, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আশুলিয়ার কাইছাবাড়ির কালারটেক এলাকার ইদ্রিস আলীর ছেলে মো: মামুন (৪০), টাঙ্গাইল জেলার মধুপুর থানার দরিহাতি গ্রামের শমশের মিয়ার ছেলে রাজ্জাক মিয়া (৩৮) ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার কান্দাপাগা গ্রামের নুরুল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা সংলগ্ন বাইপাইল এলাকার ট্রাকস্ট্যান্ডের সামনে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করছিলো। একারণে পরিবহন চলাচল বাধাগ্রস্ত হয়ে যানজট তৈরি হলে খবর পেয়ে কর্বব্যরত পুলিশ কর্মকর্তা হারুন-ওর-রশিদ ও আসাদুর রহমান ঘটনাস্থলে গিয়ে চাঁদা উত্তোলনে বাঁধা প্রদান করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। এসময় ২০ থেকে ৩০ জনের চক্রটি দুই পুলিশ সদস্যকে চারদিক থেকে ঘিরে ফেলে আক্রমণ করে। এসময় থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে আসলে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পড়ে গিয়ে একজন সামান্য আহত হয়। আহত জনসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই জনের কাছ থেকে উত্তোলিত চাঁদার ৪ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-ওর-রশিদ আমাদের কন্ঠের প্রতিবেদক-কে জানান, চাঁদাবাজের এই চক্রটি দীর্ঘদিন ধরে বাস, ট্রাক ও পিকআপ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলো। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে পুলিশের দায়েরকৃত এই মামলায় পলাতক হিসেবে রয়েছেন আশুলিয়ার বাইপাইল পূর্বপাড়া (মন্ডলপাড়া) এলাকার মৃত মীর আলী মন্ডলের ছেলে বাদশা মন্ডল (৪২), বাইপাইলের স্বপনের বাড়ির ভাড়াটিয়া মেহেদী (৪০), টাঙ্গাইল জেলার মধুপুর থানার জলছত্র গ্রামের হৃদয় (৩৫), আশুলিয়ার ইউনিক এলাকার সেলিম (৩৫), জামালপুর জেলার মাদারগঞ্জ থানার সুজন (৩২) ও আশুলিয়ার গাজিরচট এলাকার আনোয়ার হোসেন (৩৫)।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম