স্টাফ রিপোর্টার সাভার।। সাভারে পাটক্ষেতে হত্যার শিকার অজ্ঞাত দুই তরুণের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। শুক্রবার (১১জুন) সকালে ভাকুর্তা ইউনিয়নের হিরুলিয়া গ্রামের চক থেকে মরদেহ উদ্ধারের পর বেলা ১টায় তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।
পুলিশ জানায়, হত্যার শিকার দুইজন সম্পকে খালাতো ভাই। তাদের একজন ভাকুর্তার হারুলিয়া গ্রামের রতন মিয়ার ছেলে রায়হান হোসেন (১৭)। অপর নাজমুল হোসেন (১৭) বরিশালের গৌরনদী থানার শেওয়া গ্রামের নেছার মোল্লার ছেলে। তারা উভয়ে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তারা দুজনেই গতকাল বৃহস্পতিবার রাতে বাসা থেকে বের হয়ে নিখোজ ছিলেন।
নিহতের আরেক খালাতো বোন সাবানা বেগম জানান, নিহত রায়হান হেমায়েতপুরের আল-নাছির ল্যাবরেটরি স্কুলের এসএসসি পরিক্ষার্থী। সে উত্তর যাদুরচর এলাকায় বাবা মায়ের সাথে ভাড়া থেকে লেখাপড়া করছিলো। অন্যদিকে নাজমুল বরিশাল থেকে তার খালার বাসায় বেড়াতে এসেছিল। গতরাতে বের হয়ে তারা আর বাসায় ফিরে যায়নি। অনেক খোজাখুজি করে সন্ধান পাননি। পরে আজ সকালে দুই তরুণের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এখানে এসে আমার দুই খালাতো ভাইয়ের লাশ দেখতে পাই। কি কারণে বা কারো সঙ্গে এসেছিলো কি না আমরা কিছু বলতে পারছি না।

পুলিশ জানায়,তারা দুই জনই গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার পরে বাসা থেকে বের হয়। তারা আর ঘরে ফিরে আসে নি। পরে আজ পাট ও ধইঞ্চা ক্ষেত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, ওই এলাকায় কাজ করতে গিয়ে একটি পাট খেতে এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পাশের ধইঞ্চা খেতে আরও এক যুবকের মরদেহ দেখতে পান তারা। থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে দুই জনেরই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এক মরদেহ থেকে অন্যটির দূরত্ব ছিল প্রায় ২০ গজ। দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ তাদের হত্যার পর ওই এলাকায় মরদেহ ফেলে রেখে গেছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
এছাড়া সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি কাজী মাইনুল ইসলামের কাছে হত্যার কারণ জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কম প্রতিবেদক-কে বলেন অনুসন্ধান চলছে, নিহতদের পরিচয় আমরা পেয়েছি আমি আশাবাদী দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আটক করতে আমরা সক্ষম হব বলে তিনি জানান।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম