মোঃ শহিদুল ইসলাম সাগর সাভার : আশুলিয়ায় পানিভর্তি পিকআপভ্যানের সঙ্গে একটি প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনায় এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাঙ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ওই গার্মেন্টস কর্মকর্তার নাম তাজিমুল ইসলাম (৩৫)। সে আশুলিয়ার টেংগুরী এলাকার আলফা ক্লোজিং লিমিটেড এর সহকারি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাজ্জাদ হোসেন আমাদেরবাংলাদেশ.কমকে জানান, সকাল সাড়ে সাতটার দিকে আশুলিয়ার টেংগুরী এলাকার আলফা ক্লোথিং লিমিটেডের কারখানার এজিএম তাজিমুল ইসলাম আশুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
তাকে বহনকারী গাড়িটি আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পানি ভর্তি পিকআপভ্যানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই মারা যান গার্মেন্টস কর্মকর্তা তাজিমুল ইসলাম। এছাড়া এ ঘটনায় প্রাইভেট কারের চালক ও পানিবাহী পিকআপ ভ্যানের চালকসহ ৩ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান,
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করি এবং নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। এছাড়া আশুলিয়া থানা পুলিশের একটি রেকার গাড়ি দুটিকে উদ্ধার করে রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসেন। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো: সাজ্জাদ হোসেন।