নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় একই পরিবারের মা-বাবা ও শিশু সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রোববার (১ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন নিহত বাবুল হোসেনের ভাই আয়নাল হক।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলীর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার রাত্রে আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকার শেখ মেহেদী হাসানের ছয়তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন: ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫০), তার স্ত্রী সহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। সহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দুজনেই পোশাক কারখানায় চাকরি করতো।
এছাড়া এসআই জোহাব আলী আরোও বলেন, গতকাল রাত্রে একটি ফ্ল্যাটের দুটি রুম থেকে একই পরিবারের মা-বাবা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় আজ নিহত বাবুল হোসেনের ভাই আয়নাল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। মরদেহ তিনটি রাত্রেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে যে কোন সময় আসামী আটক হতে পারে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম