ইকবাল হাসান,নেত্রেকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় দাড় করানো ট্রাকের সাথে দ্রুতগামী পিকআপের ধাক্কায় চান মিয়া (৫০) নামে এক পিকআপ আরোহী নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ৬টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পুর্বধলার শ্যামগঞ্জ বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত চান মিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার গৌরীপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। সে পিকআপে করে ময়মনসিংহের দিকে যাচ্চিল।
শ্যামগঞ্জ হাইওয়ের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, জেলার দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী বালু ভর্তি একটি ট্রাক নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পুর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের পশ্চিম পাশে দাড়িয়েছিল। আজ সকাল সাড়ে ৬ টার দিকে কলমাকান্দা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচরে যায়।
এসময় পিকআপে থাকা চান মিয়া ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরো জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। ট্রাক ও পিকআপ আটক রেয়েছে। তবে ড্রাইভারকে আটক করা যায়নি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হবে।