নিজস্ব প্রতিবেদক।। যশোরের কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নে অপরিকল্পিতভাবে পুকুরের মাটি কাটার ফলে একটি সরকারি রাস্তা ও এক ব্যক্তির বসতবাড়ি ধসে পড়ার উপক্রম হয়েছে। ভুক্তভোগী মোঃ আব্দুর রাজ্জাক প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাসানপুর গ্রামের (উত্তর পাড়া) মোঃ আব্দুর রাজ্জাকের বসতঘরের পেছনে এবং সরকারি রাস্তার পাশেই প্রতিবেশী প্রভাবশালী মোঃ বিল্লাল হোসেনের একটি পুকুর রয়েছে। গত কয়েকদিন ধরে বিল্লাল হোসেন তার নতুন বিল্ডিং তৈরির জন্য ওই পুকুর থেকে ভেকু বা শ্রমিক দিয়ে মাটি খনন করছেন। পুকুরের পাড় বা ভেড়ীবাঁধ না দিয়েই গভীর থেকে মাটি কাটার ফলে পাশের সরকারি রাস্তাটি ধসে পুকুরের ভেতর ঢুকে যাচ্ছে। একই সাথে আব্দুর রাজ্জাকের সেমিপাকা টিনের বসতঘরটিও বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। যেকোনো মুহূর্তে পুরো ঘরটি পুকুরে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভুক্তভোগী মোঃ আব্দুর রাজ্জাক বলেন,”আমি বারবার অনুরোধ করার পরেও বিল্লাল হোসেন কোনো তোয়াক্কা করছেন না। তিনি প্রভাবশালী হওয়ায় স্থানীয় কারো কথা শুনছেন না। এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে আমি সপরিবারে গৃহহীন হয়ে পড়ব এবং সরকারি রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যাবে। আমি প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও বিচার দাবি করছি।”
সরেজমিনে দেখা গেছে, পুকুরের পাড় সংলগ্ন রাস্তার অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে। সঠিক প্রতিরক্ষা ব্যবস্থা (Retaining Wall বা শক্ত বাঁধ) ছাড়া মাটি কাটায় ভূমিধসের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং জনস্বার্থে রাস্তাটি রক্ষার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী রাজ্জাক গত ২২-০১-২৬ তারিখে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে হাজির হয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। গ্রামবাসী আশা করছেন, প্রশাসন দ্রুত সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং পুকুরের প্রতিরক্ষা বাঁধ নির্মাণ নিশ্চিত করবে।
এবিডি.কম