নিজস্ব প্রতিবেদক।। যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামে পুকুরের মাটি কাটার ফলে একটি সরকারি রাস্তা ও এক ব্যক্তির বসতবাড়ি ধসে পড়ার উপক্রম হয়েছে। ভুক্তভোগী মোঃ আব্দুর রাজ্জাক এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ২২-০১-২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে,হাসানপুর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাকের সেমিপাকা বসতঘরের পেছনে একটি সরকারি রাস্তা ও প্রতিবেশী মোঃ বিলাল হোসেনের একটি পুকুর রয়েছে। সম্প্রতি বিলাল হোসেন তার নির্মাণাধীন নতুন ভবনের ভিটি ভরাট করার জন্য ওই পুকুর থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটা শুরু করেন।
সরেজমিনে দেখা যায়,পুকুরের কিনারা ঘেঁষে গভীর করে মাটি কাটার ফলে পাশের সরকারি রাস্তাটিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং রাস্তার অংশ পুকুরের মধ্যে ধসে পড়ছে। একই সাথে আব্দুর রাজ্জাকের একমাত্র মাথা গোঁজার ঠাঁই সেমিপাকা ঘরটি যেকোনো মুহূর্তে পুকুরে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন,আমি বিবাদীকে বারবার অনুরোধ করেছি পুকুরের পাড়ে শক্ত ভেড়ীবাঁধ দিয়ে মাটি কাটতে। কিন্তু তিনি প্রভাবশালী হওয়ায় কারও তোয়াক্কা করছেন না। এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে আমার ঘরবাড়ি ও সরকারি রাস্তাটি রক্ষা করা সম্ভব হবে না। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।” তিনি আরও বলেন উপজেলা প্রশাসন সরেজমিনে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত বিলাল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান,প্রভাবশালী হওয়ার কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না, তবে রাস্তাটি রক্ষায় দ্রুত সরকারি হস্তক্ষেপ প্রয়োজন।
এবিডি.কম