নিজস্ব প্রতিবেদক।। আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে বইছে আগাম হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে পাড়া-মহল্লায় শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। তবে এবারের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক নতুন নাম-হাজী মো. ইসরাফিল হোসেন। নির্বাচনী মাঠে নতুন মুখ হলেও জনহিতকর কাজ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,ডিইপিজেড–ভাদাইল আঞ্চলিক সড়কে দীর্ঘদিনের তীব্র যানজট ও বেপরোয়া চাঁদাবাজি ছিল সাধারণ মানুষ ও শ্রমিকদের নিত্যদিনের ভোগান্তি। সম্প্রতি হাজী মো. ইসরাফিল হোসেন এই সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। তার বলিষ্ঠ ভূমিকায় সড়কে শৃঙ্খলা ফিরে আসায় এবং চাঁদাবাজি বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রী ও চালকদের মাঝে। এই একটি ঘটনাই তাকে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, ইসরাফিল হোসেন একজন বিনয়ী ও নিরহংকারী মানুষ। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থেকে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় চলেন। ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সদস্য ইয়ার হোসেন বলেন:
“ইসরাফিল ভাই দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। এলাকার যেকোনো সমস্যায় তাকে সবসময় এগিয়ে আসতে দেখা যায়। আমরা চাই, তার মতো সৎ ও ভালো মনের মানুষ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ধামসোনার সেবা করুক।”একই কথা প্রতিধ্বনিত হলো স্থানীয় বাসিন্দা পনির হোসেনের কণ্ঠেও। তিনি বলেন, “বর্তমান সময়ে ইসরাফিল হোসেনের মতো নির্লোভ ও মানবিক মানুষ বিরল। তাকে চেয়ারম্যান হিসেবে পেলে এলাকার উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।”
নিজের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে হাজী মো. ইসরাফিল হোসেন জানান: “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসী যদি আমাকে যোগ্য মনে করেন এবং দায়িত্ব অর্পণ করেন, তবে ধামসোনা ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও সেবামুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।”এখনো নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা সমীকরণ। তবে জনসম্পৃক্ততা এবং সাম্প্রতিক সময়ে সামাজিক নানা সংস্কারমূলক কাজের কারণে ধামসোনা ইউনিয়নে হাজী মো. ইসরাফিল হোসেনকে ঘিরেই স্থানীয়দের প্রত্যাশা ক্রমে বাড়ছে।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু