নিজস্ব প্রতিবেদক।। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে ছিল মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া মাহফিল।
মঙ্গলবার সকালে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। নেতৃবৃন্দ মাজারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তারা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন। জিয়ারত শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজাউল করিম দিপু। সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসিন মিয়া, আওরঙ্গজেব কামাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, অ্যাডভোকেট মনোয়ার হোসেন সিদ্দিকী। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলামিন সম্রাট, খায়রুল বাশার লাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম খান, আনোয়ার হোসেন নাদিম এবং দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়াসহ প্রচার, অর্থ ও সমাজকল্যাণ বিষয়ক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে রেজাউল করিম দিপু বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমই আমাদের পথ চলার শক্তি। বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জাতীয় মূল্যবোধ পৌঁছে দিতে এই সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে।”অন্যান্য বক্তারা বলেন: দেশপ্রেম,ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জনকল্যাণমূলক উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং তাদের আদর্শই হবে আগামীর প্রেরণা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, প্রকৌশলী এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এবিডি.কম/রাজু