সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি।। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগরে ঐতিহ্যবাহী ৫৩২তম শ্রীশ্রী রক্ষা কালী পূজা অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক সংবাদ সম্মেলন করেছে শেখরনগর ঋষি পঞ্চায়েত কমিটি।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টায় শেখরনগর শ্রীশ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী পূজা উৎসব সফল করতে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ্র বিশেষ ভূমিকা ছিল। এছাড়া মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) আন্তরিক সহযোগিতায় পূজাটি নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগিতার ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ ধর্মীয় উৎসব সফল হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, মন্দিরের সভাপতি রতিন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ধীরেন চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস ও রাম দাস, কোষাধ্যক্ষ দীপঙ্কর চন্দ্র দাস।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশ্বব্দনন্দ চক্রবর্তী, অনিল বিশ্বাস, স্বপন চক্রবর্তী, নির্মল বিশ্বাসসহ ঋষি পঞ্চায়েত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
উপস্থিত বক্তারা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন এবং আগামীতেও এই সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।